ভিয়েনার ‘রেড লোটাস’ উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’
ছবি: সংগৃহীত
নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ার ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’। আগামী ২৩ এপ্রিল শুরু হওয়া ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ সিনেমাটি নির্বাচিত হয়েছে। উৎসবটি চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
সিনেমাটির নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম গণমাধ্যমকে জানান, আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে ‘দেলুপি’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এর আগে চলতি বছর নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় সিনেমাটি। ইউরোপে এটি ‘দেলুপি’র দ্বিতীয় বড় কোনো উৎসবে অংশগ্রহণ।
সাফল্যের ধারাবাহিকতা নিয়ে নির্মাতা তাওকীর ইসলাম বলেন, নেদারল্যান্ডসে অভাবনীয় সাড়া পাওয়ার পর সিনেমাটি অস্ট্রিয়ায় প্রদর্শিত হতে যাচ্ছে, যা পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দের। এটি বাংলা চলচ্চিত্রের জন্য একটি বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মাটির গন্ধ ও মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দেলুপি’। সিনেমাটির চিত্রনাট্যে দক্ষিণাঞ্চলের নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে।
আরও পড়ুন: জেফরি এপস্টেইন ফাইলের পর জিজি হাদিদের প্রতিক্রিয়া
ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে ঢাকার দর্শকদের কাছেও এটি প্রশংসা পায়।
‘দেলুপি’র মাধ্যমে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে আলোচনায় আসেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








