News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০১, ৯ এপ্রিল ২০২৬

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

অস্ত্র আইনের একটি মামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীনের আদালত এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালত সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী ঈসমাইল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব-২। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। পরবর্তীতে তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় অস্ত্র আইনে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় র‍্যাব-২ এর হাবিলদার মো. মশিউর রহমান বাদী হয়ে ৮ নভেম্বর আদাবর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে ফয়সালকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসার মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: সাঈদ হত্যা মামলায় ২ পুলিশের ফাঁসি, ২৮ জনের কারাদণ্ড

মামলাটি তদন্ত শেষে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান আদালতে চার্জশিট জমা দেন। বিচার চলাকালে আদালত মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। গত রবিবার (০৫ এপ্রিল) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। উল্লেখ্য, ফয়সাল এই মামলায় গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন, এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল ও বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মারা যান। 

সিসিটিভি ফুটেজ ও তদন্তের ভিত্তিতে পুলিশ জানায়, চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে হাদিকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন এই ফয়সাল করিম। এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক কাউন্সিলর বাপ্পি ও ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে ডিবি পুলিশ চার্জশিট দিলেও বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ফয়সাল করিম বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে কারাভোগ করছেন বলে জানা গেছে। গত ৭ মার্চ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে সেখানে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়