মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত
পহেলা বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ রিট দায়ের করেন।
রিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, মঙ্গল শোভাযাত্রা কোনো প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়; এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হওয়া একটি কার্যক্রম, যা পরবর্তীতে নাম পরিবর্তন করে পহেলা বৈশাখের আয়োজনের সঙ্গে যুক্ত করা হয়।
রিটকারী আইনজীবী দাবি করেন, শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন প্রতিকৃতি ও প্রতীক ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং এতে কিছু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। তার মতে, এ কারণে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
রিটে আরও উল্লেখ করা হয়, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের আইনের সুরক্ষা ও জীবনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে ৪১ অনুচ্ছেদে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার বিষয়টিও এতে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে।
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন বলেন, বিষয়টির একটি চূড়ান্ত নিষ্পত্তির জন্যই হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: হামে ৪৭ শিশুর মৃত্যু: স্কুল বন্ধ ও তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
রিটে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন, প্রচার, অনুমোদন বা পরিচালনা থেকে সংশ্লিষ্টদের বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








