News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ২ এপ্রিল ২০২৬

হামে ৪৭ শিশুর মৃত্যু: স্কুল বন্ধ ও তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হামে ৪৭ শিশুর মৃত্যু: স্কুল বন্ধ ও তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ফাইল ছবি

দেশে আশঙ্কাজনক হারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং এর ফলে সম্প্রতি ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনে হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে শিশুদের এই মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান (লতিফ জাহান পূর্ণিমা) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

রিট আবেদনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিবাদীদের ব্যর্থতাকে কেন অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। 

রিটে উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে না পারা, টিকার পর্যাপ্ত প্রাপ্যতা বজায় রাখতে ব্যর্থ হওয়া এবং জরুরি স্বাস্থ্যসেবা ও সাড়াদানে ঘাটতি থাকা সংবিধানের ২৭, ৩১ এবং ৩২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন: হামের প্রাদুর্ভাবে বাড়ছে শিশুমৃত্যু, চাপে স্বাস্থ্যব্যবস্থা

আবেদনে আদালতকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার অনুরোধ করা হয়েছে। যেখানে মৃত্যুর সঠিক সংখ্যা, সংক্রমণের ভয়াবহতা, বর্তমান টিকাদানের হার এবং সরকারের গৃহীত পদক্ষেপসমূহের বিস্তারিত তথ্য থাকবে। এছাড়া টিকাদানের ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ খুঁজে বের করতে একটি সময়সীমাবদ্ধ তদন্ত পরিচালনার দাবি জানানো হয়েছে। 

রিটকারীর মতে, প্রাদুর্ভাব চলাকালীন স্কুলগুলোতে সামাজিক দূরত্ব বা সংস্পর্শ নিয়ন্ত্রণ না করা জননিরাপত্তার প্রতি বেপরোয়া অবহেলা এবং জীবনের জন্য আসন্ন ঝুঁকি তৈরির শামিল।

ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে রিট আবেদনে অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি শুরু করার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং সারা দেশে বিশেষায়িত ইউনিট ও আইসিইউ সুবিধাসহ কার্যকর জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার জন্য বিবাদীদের প্রতি নির্দেশনা জারির আবেদন করা হয়েছে।

আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান জানান, শিশুদের জীবন রক্ষায় এবং মহামারি আকার ধারণ করা এই রোগ নিয়ন্ত্রণে বিচারিক হস্তক্ষেপ অপরিহার্য হয়ে পড়েছে। আদালতের শুনানির পর এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়