News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২০, ৫ এপ্রিল ২০২৬

র‍্যাবের বিলুপ্তি নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: র‍্যাব মহাপরিচালক 

র‍্যাবের বিলুপ্তি নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: র‍্যাব মহাপরিচালক 

র‍্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ। ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেছেন, র‍্যাবের বিলুপ্তি বা সংস্থাটিকে ঘিরে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পূর্ণ সরকারের এখতিয়ারভুক্ত। র‍্যাব এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আহসান হাবীব পলাশ বলেন, র‍্যাবের মূল লক্ষ্য হচ্ছে নিজেদের কাজের মাধ্যমে জনগণের সামনে ইতিবাচকভাবে উপস্থাপন করা এবং পেশাদারিত্বের মাধ্যমে আস্থা অর্জন করা। র‍্যাব সম্পর্কিত যেকোনো নীতিগত সিদ্ধান্ত সরকার নেবে, আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করব।

তিনি আরও বলেন, গত দেড় বছরে র‍্যাবের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অপকর্ম বা অপকীর্তির ঘটনা ঘটেনি। সঠিকভাবে পরিচালনা করা হলে বাহিনীটি সঠিক পথেই এগোতে পারে। সরকারও র‍্যাবকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে কাজ করছে বলে জানান তিনি।

মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক বলেন, মাদক সমাজের অন্যতম বড় ব্যাধি এবং এর বিস্তার রোধে র‍্যাব দৃঢ়প্রতিজ্ঞ। গত ৯০ দিনে র‍্যাবের অভিযানে ২৪ কেজির বেশি হেরোইন, ৭ হাজারের বেশি বোতল ফেন্সিডিল, ৫ হাজার কেজি গাঁজা, ১৫ লাখ পিস ইয়াবা এবং ৪ হাজার লিটার বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় প্রায় ১ হাজার ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: মার্কেট খোলা রাখার সময় বাড়ল এক ঘণ্টা

তিনি আরও জানান, একই সময়ে হত্যা মামলায় ৪৮৪ জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়