News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২০, ৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:২০, ৭ এপ্রিল ২০২৬

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং করা যাবে গুগলের নতুন অ্যাপে 

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং করা যাবে গুগলের নতুন অ্যাপে 

ছবি: সংগৃহীত

গুগল নীরবে নতুন একটি এআই ডিকটেশন অ্যাপ উন্মোচন করেছে। ‘গুগল এআই এজ এলোকোয়েন্ট’ নামের এই অ্যাপ ব্যবহারকারীর কথা শুনে তাৎক্ষণিকভাবে লেখা তৈরি করতে পারে, তা-ও ইন্টারনেট সংযোগ ছাড়াই।

পরীক্ষামূলকভাবে অ্যাপটি আইওএস প্ল্যাটফর্মে চালু হয়েছে। ব্যবহারকারী প্রথমে প্রয়োজনীয় ভয়েস মডেল ডাউনলোড করলে সম্পূর্ণ অফলাইনে এটি কাজ করবে। এতে ব্যবহৃত হয়েছে গুগলের ‘Gemma’ ভিত্তিক স্বয়ংক্রিয় স্পিচ রিকগনিশন প্রযুক্তি, যা লাইভ ট্রান্সক্রিপশন দেখায়।

অ্যাপটির বিশেষত্ব হলো, কথা বলার সময় সাধারণত ব্যবহৃত ‘উম’, ‘আহ’-এর মতো ফাঁকা শব্দ স্বয়ংক্রিয়ভাবে বাদ দিয়ে লেখাকে পরিপাটি করে তোলা। ব্যবহারকারী চাইলে লেখাকে সংক্ষিপ্ত, দীর্ঘ বা আনুষ্ঠানিক ভঙ্গিতে রূপান্তর করার অপশনও পাবেন।

ক্লাউড মোড চালু থাকলে জেমিনি-ভিত্তিক প্রসেসিং ব্যবহার হয়। তবে ক্লাউড বন্ধ করেও ডেটা সম্পূর্ণ ডিভাইসে প্রক্রিয়াকরণ করা সম্ভব, যা গোপনীয়তা সচেতন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ।

অ্যাপটি ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্ট থেকে নাম, কীওয়ার্ড বা জার্গন ডিকশনারিতে যুক্ত করার সুবিধা দেয়। এতে নির্দিষ্ট শব্দ বা নাম ভুল হওয়ার সম্ভাবনা কমে। এছাড়া পূর্বের ট্রান্সক্রিপশন সংরক্ষণ এবং খোঁজার সুবিধা থাকছে, সঙ্গে প্রতি মিনিটে গড় শব্দসংখ্যা ইত্যাদি তথ্যও দেখা যাবে।

আরও পড়ুন: শিশুদের জন্য আসক্তিমূলক সেবা নিষিদ্ধ করল চীন

বর্তমানে এটি শুধুমাত্র আইওএসে উপলব্ধ, তবে ভবিষ্যতে অ্যান্ড্রয়েডে যুক্ত হলে সিস্টেম-ওয়াইড ডিফল্ট কিবোর্ড হিসেবেও ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি সফল হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্নত ভয়েস টাইপিং অভিজ্ঞতা নিশ্চিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়