সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার
ছবি: সংগৃহীত
লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসন-২ এর সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (০৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অ্যাডভোকেট সফুরা বেগম রুমী আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুরের কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে লালমনিরহাট সদর থানাতেই তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করার পর এরই মধ্যে লালমনিরহাটে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: জামায়াতকর্মী সাওদা সুমির জামিন
গ্রেফতারকৃত সফুরা বেগম রুমী লালমনিরহাটের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি লালমনিরহাট-কুড়িগ্রাম অঞ্চলের সংরক্ষিত নারী আসন-২ এর সাবেক সংসদ সদস্য। বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন।
সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার আব্দুল্লাহর স্ত্রী।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে লালমনিরহাটে এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আজই তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে। তার বিরুদ্ধে রুজু হওয়া মামলাগুলোর পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
নিউজবাংলাদেশ.কম/পলি








