News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২২, ৯ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাসের পরিকল্পনা

জ্বালানি সংকটে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাসের পরিকল্পনা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে বিদ্যুৎ সাশ্রয় এবং ট্রাফিক চাপ কমাতে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। করোনাকালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত বা ‘হাইব্রিড’ পদ্ধতি চালুর পরিকল্পনা করা হচ্ছে। 

বুধবার (০৮ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ সেমিনারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই নতুন কৌশলপত্র তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়, যানজট হ্রাস এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার কথা বিবেচনায় নিয়ে নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে হাইব্রিড পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নয়; বরং সক্ষমতা রয়েছে এমন প্রতিষ্ঠান যেমন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এ পাইলট প্রকল্প হিসেবে এই উদ্যোগ নেওয়া হতে পারে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সপ্তাহের নির্দিষ্ট কিছু দিন অনলাইন এবং বাকি দিনগুলোতে সশরীরে ক্লাস চলবে। এতে শিক্ষার্থীদের যাতায়াত কমে জ্বালানি ব্যবহার হ্রাস পাবে এবং রাজধানীর যানজটও কিছুটা কমানো সম্ভব হবে বলে মনে করছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীরা নিয়মিত পাঠক্রমের মধ্যেই থাকবে। তবে অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকেই ক্লাস নিতে হবে বলে স্পষ্ট করেছেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, বিশ্বে বিভিন্ন সংকট নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তাই বর্তমান পরিস্থিতিকেও হুমকি হিসেবে না দেখে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর, পেপারলেস এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে এগোতে হবে। ভবিষ্যতে সংসদ থেকে শ্রেণিকক্ষ সব ক্ষেত্রেই ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়বে, এজন্য শিক্ষার্থীদের আগেভাগেই প্রস্তুত করা জরুরি।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সেমিনারে জানান, জ্বালানি সাশ্রয়ে ইতোমধ্যে বিভিন্ন বাস্তবসম্মত প্রস্তাব উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ক্লাসের সময় কিছুটা কমানো, জানালা খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করে বিদ্যুতের ব্যবহার হ্রাস, এবং যেসব প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে সেগুলোর ব্যবহার সীমিত করা। তিনি অংশীজনদের কাছ থেকে আরও নতুন ধারণা আহ্বান করেন এবং সেগুলো যাচাই-বাছাই করে কার্যকর সমাধান গ্রহণের আশ্বাস দেন।

তবে সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বড় অংশই এ মুহূর্তে অনলাইন ক্লাস চালুর বিপক্ষে মত দেন। 

আরও পড়ুন: জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

তাদের মতে, করোনাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম তেমন কার্যকর হয়নি এবং পুনরায় তা চালু হলে শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি তৈরি হতে পারে। 

আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী নিশাত তিথি জানায়, বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাস শিক্ষার মান কমিয়ে দিতে পারে। একইভাবে এক মাদ্রাসা শিক্ষার্থীও অনলাইন ক্লাসকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে।

অভিভাবকদের পক্ষ থেকেও সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের ওপর জোর দেওয়া হয়। এক অভিভাবক শাহিদা বেগম বলেন, অনলাইন ক্লাসের পরিবর্তে ক্লাসের সময় কমিয়ে সশরীরে পাঠদান চালু রাখা হলে তা বেশি কার্যকর হবে। শিক্ষক ও শিক্ষাবিদরাও বিদ্যুৎ সাশ্রয়ের বিকল্প উপায় হিসেবে দিনের আলোয় ক্লাস পরিচালনা, সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা এবং ‘সেভ এনার্জি’ কার্যক্রম জোরদারের পরামর্শ দেন।

উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ প্রায় ৪০ দিনের ছুটির পর গত ২৯ মার্চ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট তীব্র হওয়ায় বাংলাদেশেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি আলোচনায় আসে।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব তৈরি করবে। প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিনের ক্লাসের মধ্যে জোড়-বিজোড় ভিত্তিতে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস চালুর ধারণা আলোচনায় ছিল, বিশেষ করে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য।

অংশীজনদের মতামত সংগ্রহের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়