গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ। এছাড়া ১১ এপ্রিল সব মহানগরে, ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে জাতীয় সেমিনার।
মামুনুল হক অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা কৌশল অবলম্বন করছে এবং জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করছে। তিনি বলেন, বিরোধী দল হিসেবে তারা এ বিষয়ে নীরব থাকতে পারে না এবং এই দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
এর আগে, একই দাবিতে সকাল ১০টা থেকে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








