News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৩৯, ৭ এপ্রিল ২০২৬

সন্ধ্যা ৭টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও বন্ধের নির্দেশ

সন্ধ্যা ৭টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও বন্ধের নির্দেশ

ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকান, শপিংমল, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সোমবার (৬ এপ্রিল) সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দেন। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা, সব বিলবোর্ডের বাতি বাধ্যতামূলকভাবে একই সময়ের মধ্যে বন্ধ করা এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার

এ লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য বিদ্যুৎ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানিয়েছে।

চিঠিতে বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুরোধ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়