News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৮, ৮ এপ্রিল ২০২৬

হাদি হত্যা মামলার আসামি প্রত্যর্পণে ভারতের সম্মতি

হাদি হত্যা মামলার আসামি প্রত্যর্পণে ভারতের সম্মতি

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। 

বুধবার (০৮ এপ্রিল) ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে ভারতীয় উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সিরিজ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিন দিনের সরকারি সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার তিনি নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং আবাসন, নগর ও পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সাথে পৃথক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকগুলোতে উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার গুরুত্বারোপ করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতার ও প্রত্যর্পণ। 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

অভিযুক্তদের গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত আইনি পদ্ধতি অনুসরণ করে তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে। একইসাথে, ২০২৪ সালের জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ পক্ষ পুনরায় জোরালো অনুরোধ জানায়।

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে বৈঠকে ইতিবাচক আশ্বাস মিলেছে। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা (মেডিকেল) ও ব্যবসায়িক (বিজনেস) ভিসা প্রাপ্তি আরও সহজতর করা হবে।

জ্বালানি ও কৃষি খাতের সহযোগিতার অংশ হিসেবে ভারত কর্তৃক সম্প্রতি ডিজেল সরবরাহের জন্য মন্ত্রী হরদীপ পুরীকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ভবিষ্যতে ডিজেল ও সারের সরবরাহের পরিমাণ আরও বাড়ানোর অনুরোধ করলে মন্ত্রী পুরী ইঙ্গিত দেন যে, ভারত সরকার এই অনুরোধটি সানন্দে ও অনুকূলভাবে বিবেচনা করবে।

বৈঠক চলাকালে ড. খলিলুর রহমান বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে। পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং উভয়পক্ষের স্বার্থ ও সুবিধার ভিত্তিতেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখা হবে।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল ৯ এপ্রিল দুপুরে মরিশাসের উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ঝুলে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়