প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত
দেশে চলমান হামের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকটের মধ্যেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয় সশরীরে পাঠদান চালিয়ে যাওয়ার পক্ষেই অবস্থান নিয়েছে। স্কুল বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতেই কাজ চলছে।
তিনি আরও জানান, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস খুব একটা কার্যকর নয়। তাই সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতির অবনতি হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ববি হাজ্জাজ বলেন, হামের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষা কার্যক্রম এবং ‘মিড ডে মিল’ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ও শোনেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি জ্বালানি সংকটের মধ্যেও শিক্ষা কার্যক্রমে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার
তিনি আরও বলেন, আগামী জুন-জুলাই মাস নাগাদ শিক্ষা খাতে বেশ কিছু নতুন ও যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








