লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আলী হোসেন। ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রামের ধবলগুড়ি এলাকার আ. গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের দিকে রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফা গুলির শব্দ শোনা যায়। পরে সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইলে যোগাযোগ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন গরু চোরাচালানের উদ্দেশ্যে গেলে প্রতিপক্ষ বিএসএফ ক্যাম্পের টহল দল কিছু রাউন্ড গুলি চালায়। এতে আলী হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহতের লাশ বাংলাদেশি সীমান্ত পিলার ৮৭৪/০৪ থেকে অনুমানিত ১৫০ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার আশপাশে বিজিবি ও বিএসএফের টহল দল অবস্থান করছে। বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
আরও পড়ুন: রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ভর্তি ১৩৮
তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








