বেসিস নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ জুন
ফাইল ছবি
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন বোর্ড। ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, সদস্যপদ নবায়ন ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ এপ্রিল। এ ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, প্রতিষ্ঠানের প্রতিনিধির মনোনয়নপত্র, ছবি এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে।
আগামী ৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে আপত্তি গ্রহণ চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ থেকে ১৩ মে। এরপর ১৪ ও ১৫ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা ১৫ থেকে ২১ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে ২২ থেকে ২৮ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ থেকে ৩০ মে পর্যন্ত এবং তা নিষ্পত্তি করা হবে ৩১ মে থেকে ২ জুনের মধ্যে।
আরও পড়ুন: আইফোন ১৭ দিয়ে চাঁদের ছবি!
৩ জুন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ৪ থেকে ৬ জুন পর্যন্ত। একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জুন, শনিবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন সংক্রান্ত কোনও আপত্তি থাকলে ২৮ জুন তা দাখিল করা যাবে। আপিল শুনানি শেষে ১ জুলাই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। প্রয়োজন হলে আপিলের ভিত্তিতে সংশোধিত ফলাফল ৮ জুলাই প্রকাশ করা হতে পারে। নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রয়োজনে তফসিলে পরিবর্তন আনার ক্ষমতা তাদের সংরক্ষিত রয়েছে। নির্বাচনসংক্রান্ত সব তথ্য নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








