News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ৫ এপ্রিল ২০২৬

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ও ফিলিপাইন

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ও ফিলিপাইন

ফাইল ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

শনিবার (০৪ এপ্রিল) দুপুর নাগাদ প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে কম্পন অনুভূত হয়। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করেছে।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে, যা দেশটির সারাঙ্গানি প্রদেশের অন্তর্গত। ভৌগোলিকভাবে এটি ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৯ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। গভীরতা বেশি হওয়ায় কম্পন তীব্র হলেও এর প্রভাব সরাসরি উপরিভাগে কিছুটা কম অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত ৮

ভূমিকম্পে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় তালাউদ দ্বীপে। ঘটনার পরপরই দুই দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবিলা দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, শক্তিশালী কম্পনের ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো প্রাণহানি বা আহত হওয়ার তথ্যও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন উভয় দেশই প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ (আগ্নেয় মেখলা) অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায় নিয়মিত বা নৈমিত্তিক ঘটনা হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, চলতি শতকে এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছিল ২০০৪ সালে। সে সময় ইন্দোনেশিয়ায় ৯.১ মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রায় ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র: এএফপি, এনডিটিভি

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়