ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা
ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকির পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত সামরিক হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানে সম্ভাব্য হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ ও সামরিক হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি। এটি একটি দ্বিমুখী যুদ্ধবিরতি।
তবে এই সিদ্ধান্তের সঙ্গে শর্তও জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প জানান, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত করে, তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্পের দাবি, সম্ভাব্য চুক্তির পথে বড় বাধাগুলো অনেকটাই দূর হয়েছে। অতীতের বিরোধপূর্ণ বেশিরভাগ বিষয়েই দুই দেশ একমতে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি। এই দুই সপ্তাহের সময়সীমা চুক্তিকে চূড়ান্ত রূপ দিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
আরও পড়ুন: চুক্তিতে না এলে পুরো ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের এই উত্তেজনা নিরসনের সম্ভাবনায় সন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছাতে পারা আমার জন্য সম্মানের। সূত্র: আল জাজিরা
নিউজবাংলাদেশ.কম/এসবি








