যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের বাজারে দীর্ঘদিন শীর্ষে থাকা চীন এবার সেই অবস্থান হারিয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাবে দেশটি নেমে গেছে তৃতীয় স্থানে। আর এই সুযোগে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
বর্তমানে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষস্থান দখল করেছে ভিয়েতনাম। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ভারত।
রবিবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এ তথ্য প্রকাশ করেছে।
অটেক্সার পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৩ শতাংশ কম।
অন্যদিকে, একই সময়ে ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষে রয়েছে ভিয়েতনাম, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেশি।
সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীন। বছরের প্রথম দুই মাসে দেশটির পোশাক রপ্তানি কমেছে ৫৭ দশমিক ৬৫ শতাংশ। এ সময়ে যুক্তরাষ্ট্রে তারা রপ্তানি করেছে মাত্র ১ দশমিক ১৭ বিলিয়ন ডলারের পোশাক।
আরও পড়ুন: দেশের বাজারে সোনার দাম কমলো
এদিকে, সামগ্রিকভাবে বিশ্ববাজার থেকেই যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে। আলোচ্য সময়ে দেশটি মোট ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ কম।
নিউজবাংলাদেশ.কম/এসবি








