ভূমধ্যসাগরে নৌযান ডুবি, নিখোঁজ ৭০ অভিবাসনপ্রত্যাশী
ছবি: সংগৃহীত
ভূমধ্যসাগরে একটি নৌযান ডুবির ঘটনায় অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। ইতালির কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।
জীবিতদের মধ্যে সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইতালির কোস্টগার্ড এবং এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ)-এর বরাত দিয়ে এই তথ্য পাওয়া গেছে।
উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, তীব্র আবহাওয়া এবং সাগরের বড় ঢেউয়ের কারণে নৌযানটি ডুবে যায়। উদ্ধার তৎপরতা পরিচালনা করেছে জার্মান সংস্থা সি-ওয়াচ, যা ভূমধ্যসাগরে পর্যবেক্ষণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
নৌযানটি লিবিয়ার তাজাউর উপকূল থেকে রওনা হয়েছিল। এতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে শিশু, নারী ও পুরুষ ছিলেন। ডুবে যাওয়ার পর উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে ৩২ জনকে জীবিত এবং ২ জনের মরদেহ উদ্ধার করেন। বাকি নিখোঁজদের খোঁজে অভিযান চলমান।
উদ্ধার করা ব্যক্তিদের এবং মৃতদেহদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নেয়া হয়েছে। এমএসএইচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তারা ইউরোপীয় দেশগুলোকে নিরাপদ অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২
বিশেষজ্ঞরা বলছেন, বৈধ নথি ছাড়া ইউরোপে পৌঁছানোর জন্য ভূমধ্যসাগর একটি ‘জনপ্রিয়’ কিন্তু অত্যন্ত বিপজ্জনক রুট। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পার হওয়ার সময় অন্তত ৭২৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








