এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত
জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর পর এবার বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়ার স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভিসা বাতিলের পেছনে মূল কারণ হিসেবে শায়খ আহমাদুল্লাহর অতীতে ইহুদি ধর্মাবলম্বীদের সম্পর্কে করা কিছু মন্তব্যকে ‘জঘন্য’ এবং ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
ভিসা বাতিলের সময় তিনি সিডনি বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্য ছড়ায়, তাদের প্রতি সরকারের কোনো ধরনের সহনশীলতা নেই।
এই পদক্ষেপের ফলে শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ায় পুনঃপ্রবেশের পথ বন্ধ হয়েছে এবং কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টি পর্যালোচনা করছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় হিটলার প্রশংসার অভিযোগে আজহারীর ভিসা বাতিল
তিনি আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তার নির্ধারিত সফর পুরোপুরি বাতিল হয়েছে। ফলে ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে তার পূর্বনির্ধারিত সভাগুলি আর অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে তিনি মেলবোর্ন ও সিডনির কিছু কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








