যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি পর তেলের দাম কমেছে প্রায় ১৪ শতাংশ
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী শর্তসাপেক্ষে খুলে দেওয়ার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে কমেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১৩ দশমিক ০৬ শতাংশ কমে ৯৪ দশমিক ৪৩ ডলারে নেমেছে, যা অর্থাৎ প্রতি ব্যারেল ১৪ দশমিক ৮৪ ডলার কমেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে দুই দেশ ১৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানান, এই ১৫ দিনের মধ্যে হরমুজ প্রণালী সব দেশের জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। তবে হরমুজ পার হওয়ার আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমোদন নেওয়া আবশ্যক।
এই ঘোষণার প্রভাবে অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও ১৬ দশমিক ১৩ ডলার কমে ১৪ দশমিক ৩৭ শতাংশ হ্রাস পায়।
আরও পড়ুন: আবারও বাড়লো সোনার দাম
বিশ্লেষকরা জানিয়েছেন, যুদ্ধবিরতি ও হরমুজে অবরোধ শিথিলের ঘটনা বাজারের জন্য ইতিবাচক। তেলের বৈশ্বিক বাজার বিশ্লেষক টনি সাইক্যামোর বলেন, এটি উত্তেজনা নিরসনের প্রথম ধাপ এবং বাজারের জন্য ভালো সংকেত, তবে বাজার এখনো সম্পূর্ণ স্থিতিশীল হয়নি। সূত্র : রয়টার্স
নিউজবাংলাদেশ.কম/এসবি








