অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ সংসদে বিল আকারে পাস
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৪টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। এছাড়া আরও দুটি অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের লক্ষ্যে বিল হিসেবে উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মোট ১৬টি বিল সংসদে উত্থাপন করেন। এর মধ্যে ১৪টি বিল কণ্ঠভোটে পাস হয়।
সকাল ও বিকালের দুই দফা অধিবেশনে বিলগুলো উত্থাপন ও পাসের প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন আইনি সংস্কার ও প্রশাসনিক সিদ্ধান্ত সংসদের অনুমোদন পেয়ে স্থায়ী রূপ পেল।
সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হলো- ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’, ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) বিল’, ‘সিভিল কোর্টস (সংশোধন) বিল’, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল’, ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’, ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’।
বিকেলের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হলো- ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ বিল, ২০২৬’, ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত বিল, ২০২৬’।
আরও পড়ুন: ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ
এদিকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে। এছাড়া ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’ অধিকতর সংশোধনের জন্য স্থগিত রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








