News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ৬ এপ্রিল ২০২৬

আজ প্রথম একনেক সভা, তারেক রহমানের নেতৃত্বে আসছে ১৭ প্রকল্প

আজ প্রথম একনেক সভা, তারেক রহমানের নেতৃত্বে আসছে ১৭ প্রকল্প

ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপি সরকারের প্রধান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিন সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে একনেক সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় উপস্থাপনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ১৭টি প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

প্রাথমিকভাবে ১৮টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত একটি বাদ পড়ে ১৭টি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ৯টি নতুন প্রকল্প রয়েছে। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্পও বৈঠকে উপস্থাপন করা হবে। আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’টি শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয় ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পটি প্রস্তাব করেছিল। প্রকল্পটির প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।

সভায় আলোচনার জন্য যেসব প্রকল্প রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য- করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ এবং ৮টি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ ও অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি ও জলবায়ু সংশ্লিষ্ট ৪টি, অবকাঠামো উন্নয়ন ৫টি, সড়ক উন্নয়ন ৩টি, মেডিকেল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নির্মাণ ২টি, প্রযুক্তি উন্নয়ন ২টি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন ১টি প্রকল্প রয়েছে।

আরও পড়ুন: সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকারের প্রথম একনেক সভার প্রকল্পগুলোই সরকারের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এসব প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা জরুরি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়