প্রবাসীদের অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ সেল গঠন
ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসীদের হয়রানি কমানো এবং সেবার মান বাড়াতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন করেছে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ বিশেষ সেলের মাধ্যমে প্রবাসীরা তাঁদের যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি ইমেইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।
অফিস আদেশ অনুযায়ী, প্রবাসীরা minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com ঠিকানায় অভিযোগ পাঠাতে পারবেন। সেলে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেলের কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল রাখতে দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে প্রাপ্ত আবেদন ও অভিযোগগুলো প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং সচিবের কাছে উপস্থাপন করা হবে।
এর ফলে নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সংকটে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজ হবে বলে আশা করছে মন্ত্রণালয়।
আরও পড়ুন: স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ: জ্বালানি মন্ত্রী
সরকারের এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তি, হয়রানি হ্রাস এবং সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








