লালমনিরহাট সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট

লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট

ছবি: নিউজবাংলাদেশ

পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে যাত্রীবাহী বগি রেখে ইঞ্জিন একাই চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো আটকে থাকায় প্রায় ১ ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিন এসে বগিগুলো উদ্ধার করে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি তুষভান্ডার স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ এর বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ব্যারিকেড এলাকার ওপর থেমে যায়। তবে ট্রেনচালক বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি টের না পেয়ে ইঞ্জিন নিয়ে একাই প্রায় ১ কিলোমিটার এগিয়ে যান। রেললাইন ও মহাসড়কের সংযোগস্থলে বগিগুলো আটকা পড়ে থাকায় মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, লেভেল ক্রসিংয়ের ওপর বগি আটকে থাকায় পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমে শত শত যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ইঞ্জিনটি এসে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে পুনরায় যুক্ত হয়ে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, শাহ আলী থানার ওসি প্রত্যাহার

তিনি জানান, মূলত ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুকে যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়