নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, শাহ আলী থানার ওসি প্রত্যাহার

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, শাহ আলী থানার ওসি প্রত্যাহার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে এই বর্বরোচিত হামলা চালানো হয়। ভুক্তভোগী প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, মুখোশ পরিহিত প্রায় দুই শতাধিক ব্যক্তি গভীর রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। এ সময় হামলাকারীরা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকাদান সামগ্রী ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় এবং যাওয়ার সময় জমিটিতে সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড-এর সাইনবোর্ড টাঙিয়ে দেয়। 

প্রতিষ্ঠানটির দাবি, এই হামলায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৫০ বছর ধরে সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এই কেন্দ্রটি দরিদ্র ও অসহায় মা-শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল।

আরও পড়ুন: মিরপুরের রাড্ডা সেন্টার ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে

ঘটনার সময় থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে এমন তাণ্ডব চললেও পুলিশের তাৎক্ষণিক নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মহানগর উত্তরের যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজসহ স্থানীয়রা অভিযোগ করেন যে, পুলিশকে এক ঘণ্টা আগেই বিষয়টি অবগত করা সত্ত্বেও তারা ঘটনাস্থলে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি এবং উপস্থিত থেকেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই পুলিশি গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে ডিএমপি কমিশনার স্বয়ং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবহেলার সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এদিকে, এই চাঞ্চল্যকর ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। 

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার আখতার হোসেন জানান, এ পর্যন্ত এজাহারনামীয় ও জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, লুট হওয়া মালামালবোঝাই দুটি ট্রাকও উদ্ধার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতার ও খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারে বর্তমানে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়