নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত সালমান মুক্তাদিরের স্টুডিও

ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত সালমান মুক্তাদিরের স্টুডিও

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরসংলগ্ন নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরের মালিকানাধীন ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এবং জমির মালিকের সঙ্গে দ্বন্দ্বের জেরে স্থানীয় কিছু রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এই ন্যাক্কারজনক হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

স্টুডিওর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেয়ারটেকারদের ভাষ্যমতে, ঘটনার সময় হঠাৎ করে দেশীয় অস্ত্র, চাপাতি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে প্রায় এক থেকে দেড়শ জনের একটি মুখোশধারী দল জোরপূর্বক ভবনে প্রবেশ করে। তারা স্টুডিওর শাটার ভেঙে ভেতরে ঢুকে তান্ডব চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করে।

প্রাণভয়ে স্টুডিওর কর্মীরা শৌচাগারে গিয়ে আত্মগোপন করলেও হামলাকারীরা সেখানে গিয়েও অস্ত্র দেখিয়ে তাদের জিম্মি করে। এ সময় তাদের মোবাইল ফোন, মানিব্যাগ এবং স্টুডিওতে থাকা বিভিন্ন শুটিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম, ক্যামেরা ও ক্লায়েন্টদের কাজের ফুটেজ লুটে নেওয়া হয়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় স্টুডিওতে থাকা কোনো কর্মী সরাসরি শারীরিক আঘাতের শিকার হননি।

ঘটনার সময় অভিনেতা সালমান মুক্তাদির ঢাকায় ছিলেন না। বিমানযোগে ঢাকায় ফিরে তিনি সরাসরি স্টুডিওতে যান এবং ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন: মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটের পর গুঁড়িয়ে দিলো দুর্বৃত্তরা

সালমান মুক্তাদির দাবি করেন, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী আবাসন প্রকল্পটির জমির মালিকের কাছে চাঁদা দাবি করেছিলেন। সেই চাঁদা না দেওয়ায় প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয়। হামলাকারীরা সরাসরি হয়তো তার স্টুডিওর কথা জানত না, কিন্তু জমির মালিকের ওপর আক্রোশ মেটাতে গিয়ে মাঝখানে তার স্বপ্নের প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে গেছে। 

তিনি অভিযোগ করেন, দেশে কোনো রাজনৈতিক তোষামোদি বা ব্যাকআপ ছাড়া স্বাধীনভাবে কিছু করতে গেলে সৃজনশীল মানুষদের এমন পরিস্থিতির শিকার হতে হয়। তবে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপি বা সংশ্লিষ্ট নেতাকর্মীদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন সালমান মুক্তাদির। 

ভিডিওতে তিনি বলেন, শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল কাজের বিকাশে বাংলাদেশে এ ধরনের আধুনিক স্টুডিও দ্বিতীয়টি নেই। এমন একটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ায় দেশের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে অস্ত্রসহ কয়েকজনকে আটক করেছে। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষের অভিযোগ সাপেক্ষে নিয়মিত মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ক্ষতিগ্রস্ত স্টুডিওর সামনে দাঁড়িয়ে আতঙ্কিত ও কান্নারত সহকর্মীদের সান্ত্বনা দিয়ে সালমান মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি কোনো অবস্থাতেই থেমে থাকবেন না। অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান ও প্যাশনের এই জায়গাটি রক্ষা করতে তিনি আরও বড় পরিসরে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, দেশ কিংবা প্রয়োজনে দেশের বাইরে থেকে তার সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়