রক্তাক্ত লুকে রণবীর, প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ফার্স্ট লুক
রণবীর কাপুর। ছবি: সংগৃহীত
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা লাভ অ্যান্ড ওয়ার নিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে নতুন চমক। রণবীর কাপুরের ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পাশাপাশি সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। এতে রণবীরকে দেখা গেছে রক্তাক্ত ও অ্যাকশনধর্মী এক লুকে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত পোস্টারে নীল রঙের ভিন্টেজ হুডখোলা গাড়িতে বসে থাকতে দেখা যায় রণবীরকে। তাঁর পরনে হালকা রঙের পোলো টি-শার্ট, চোখে রোদচশমা এবং চুলে স্লিকড-ব্যাক স্টাইল। ঠোঁটের ওপর সরু গোঁফ। এক হাত রক্তাক্ত হলেও অন্য হাতে শক্ত করে ধরে রেখেছেন গাড়ির স্টিয়ারিং।
পোস্টারটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
পোস্টারের সঙ্গে নির্মাতারা লিখেছেন, সেই একই আভিজাত্য, সেই দাপট, সেই আবেগ! ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে লাভ অ্যান্ড ওয়ার। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখা যাবে সিনেমাটি।
সিনেমাটিতে বৈমানিকের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। একই পেশার চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকেও। ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন আলিয়া ভাট। তারকাবহুল এই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।
ঘোষণার পর থেকেই নানা কারণে লাভ অ্যান্ড ওয়ার-এর শুটিং ও মুক্তির সময়সূচি নিয়ে একাধিকবার পরিবর্তনের খবর সামনে এসেছে। শুটিং সেটে দুর্ঘটনায় একজনের প্রাণহানির ঘটনাও আলোচনায় আসে।
আরও পড়ুন: রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই
সব জটিলতা পেরিয়ে এবার নির্ধারিত মুক্তির তারিখ ঘোষণায় স্বস্তি ফিরেছে রণবীর-আলিয়ার ভক্তদের মধ্যে। পিরিয়ড ড্রামা ঘরানার সিনেমাটি নিয়ে এখন অপেক্ষা বড় পর্দায় এর চূড়ান্ত উপস্থাপনার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








