বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’

ছবি: সংগৃহীত

মুক্তির আগেই ভারতীয় চলচ্চিত্রে নতুন ইতিহাস তৈরি করেছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা রাকা। ছবিটির পরিচালক অ্যাটলির ৪০তম জন্মদিনে সোমবার এই অর্জনের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স।

সায়েন্স ফিকশন অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবির একটি বিশেষ দৃশ্যের জন্য রিয়েল-টাইমে সর্বোচ্চসংখ্যক পারফর্মারের মোশন ক্যাপচার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে রাকা।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটির একটি বিশেষ সিক্যুয়েন্সে একই সময়ে ৩৭ জন পারফর্মারের মোশন ক্যাপচার সম্পন্ন করা হয়। এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে সিনেমাটির টিম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই অর্জনের খবর নিশ্চিত করে সান পিকচার্স। পাশাপাশি আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ তুলে দেওয়ার ছবি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে আল্লু অর্জুন বলেন, এটি পুরো টিমের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এই অসাধারণ কীর্তিকে স্বীকৃতি দেওয়া এবং আমাদের অক্লান্ত পরিশ্রমকে সম্মানিত করার জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

স্বীকৃতি পাওয়ার পর ছবিটির একটি পর্দার পেছনের ভিডিও প্রকাশ করেছে সান পিকচার্স। এতে আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতার মাধ্যমে ৩৭ জন শিল্পী ও পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচারের দৃশ্য তুলে ধরা হয়েছে।

এদিকে রাকা নিয়ে দর্শকদের মধ্যে নানা জল্পনা রয়েছে। গুঞ্জন উঠেছে, ছবিতে আল্লু অর্জুনকে চারটি ভিন্ন চরিত্রে দেখা যেতে পারে। এর মধ্যে একজন দাদু, একজন বাবা ও দুই ছেলের চরিত্র রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দুটি সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্সকে কেন্দ্র করে গল্প এগোতে পারে বলেও আলোচনা রয়েছে। তবে এসব তথ্য এখনো নির্মাতারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

আরও পড়ুন: নিরাপত্তা নিয়ে তিশার শঙ্কা

সান পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাটিতে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর।

উল্লেখ্য, এই বিগ বাজেটের সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও তামিল পরিচালক অ্যাটলি। সূত্র: এনডিটিভি

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়