সীমান্তের জীবনসংগ্রামের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
‘ডাঙগোয়াল’ চলচ্চিত্রে অভিনেত্রী দিলরুবা দোয়েল। ছবি: সংগৃহীত
সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, কাঁটাতারের সংকট ও বেঁচে থাকার কঠিন বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডাঙগোয়াল। লালমনিরহাটের সাংস্কৃতিক কর্মী শাহীদুজ্জামান লাবলুর বাস্তব জীবনের গল্প অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জ্যোতির্ময় রায়।
সীমান্ত এলাকায় গরু, চোরাই পণ্য কিংবা মানুষ পারাপারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্থানীয় ভাষায় ডাঙগোয়াল বলা হয়। এই বাস্তবতাকে কেন্দ্র করেই চলচ্চিত্রটির গল্প এগিয়েছে।
চলচ্চিত্রটির প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা জ্যোতির্ময় রায় জানান, দীর্ঘদিন ধরেই ছিটমহল ও সীমান্তবর্তী মানুষের জীবনকাহিনি নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল তার।
সেই সূত্রে শাহীদুজ্জামান লাবলুর একটি নাটক দেখার পর তার সঙ্গে যোগাযোগ করেন নির্মাতা। পরে লাবলু নিজের জীবনের বিভিন্ন বাস্তব ঘটনা এবং নাটক লেখার সময় তার ভেতরের মানসিক টানাপোড়েনের কথা জানান। সেই অভিজ্ঞতা ও অনুভূতির প্রকাশ থেকেই ডাঙগোয়াল নির্মাণের ভাবনা আসে।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া, বিধান রায়সহ ভাটিবাড়ি লোক নাট্যদলের একাধিক সদস্য।
আরও পড়ুন: ফিলিস্তিনে ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা মার্কিন র্যাপার ম্যাকলমোরের
নির্মাতা সূত্রে জানা গেছে, ডাঙগোয়াল বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। উৎসব পর্ব শেষে সাধারণ দর্শকদের জন্য চলচ্চিত্রটি কোনো ওটিটি প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








