ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান সৌদির, দাবি হুথিদের
ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ২৬টি বিমান অভিযান পরিচালনার দাবি করা হয়েছে।
হুথি নেতাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হুথি নেতাদের দাবি, গত কয়েক দিনে গোষ্ঠীটি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলো লক্ষ্য করে সৌদি আরব বিমান অভিযান জোরদার করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে প্রায় ৩০০টি বিমান অভিযান চালানো হয়েছে।
হুথি নেতারা আরও দাবি করেছেন, গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করে সৌদি আরব। এরপর থেকে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় হামলার মাত্রা বাড়ানো হয়েছে।
আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়েছে বলেও দাবি করেছে হুথি নেতৃত্ব। তাদের ভাষ্য, এরই মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এসব হামলা, ক্ষয়ক্ষতি এবং বিমান অভিযানের সংখ্যা নিয়ে হুথি নেতাদের দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন: উত্তর আন্দামানে ঘূর্ণাবর্ত, আসছে ঘূর্ণিঝড় অর্ণব
হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরবের বিমান অভিযান এবং পাল্টা হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ছে। পরিস্থিতির কারণে লোহিত সাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








