আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই তাদের ভিসা দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবে।

তবে অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধি দলের ওপর কিছু অতিরিক্ত বিধিনিষেধ থাকবে। মুখপাত্র জানান, কেবল সীমিত আকারের একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কঠোর ভ্রমণ বিধিনিষেধ এবং বিলাসবহুল পণ্য কেনার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন: সৌদিকে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাব অনুমোদন যুক্তরাষ্ট্রের

এদিকে অধিবেশনে যোগ দিতে ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে মার্কিন প্রশাসন তাকে ভিসা দেয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, মাহমুদ আব্বাস তার বক্তব্যের ভিডিও পাঠালে তা অধিবেশনে প্রচার করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়