স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই করা মালামালের পাশাপাশি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।

এর আগে গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন রনজিনা পারভীন। তিনি বগুড়া থেকে ঢাকার ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে যাচ্ছিলেন।

পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রিকশার পেছন থেকে তাঁর ব্যাগ ধরে টান দেন। এতে রিকশা থেকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রাইব্যুনালের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

এ ঘটনায় গত ৩০ আগস্ট রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়। তদন্তের পর ওই মামলায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়