স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। সেখানে মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।

মাজারে পৌঁছে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। পরে তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন।

এরপর তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন।

রাষ্ট্রপতির মাজারে আগমন ও প্রস্থানের সময় সড়কের দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ১২ মিনিট দেরিতে তিনি সিলেটে পৌঁছান।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইউপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: প্রতিমন্ত্রী

বিকেল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতির অংশ নেওয়ার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়