স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পেসার-স্পিনার নয়, সব ধরনের বোলার নিয়ে বিসিবির ‘বোলার হান্ট’

পেসার-স্পিনার নয়, সব ধরনের বোলার নিয়ে বিসিবির ‘বোলার হান্ট’

ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটে নতুন প্রতিভা খুঁজে বের করতে বড় পরিসরে বোলার হান্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে আলাদাভাবে পেসার হান্ট ও স্পিনার হান্ট আয়োজন করা হলেও এবার কোনো নির্দিষ্ট বিভাগে সীমাবদ্ধ থাকছে না এই উদ্যোগ। দেশের বিভিন্ন প্রান্তের সব ধরনের বোলারকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই এবারের আয়োজনের লক্ষ্য।

বাংলাদেশ ক্রিকেটে প্রতিভা অন্বেষণের কার্যক্রম অবশ্য নতুন নয়। বিসিবির আয়োজনে আগের পেসার হান্ট থেকে উঠে এসে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন একাধিক ক্রিকেটার। গ্রামীণফোন পেসার হান্টের মাধ্যমে জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন এবং পরবর্তীতে রবি পেসার হান্টের মাধ্যমে আলোচনায় আসেন ইবাদত হোসেন। দুজনই পরবর্তীতে জাতীয় দলের হয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

সেই সফলতার ধারাবাহিকতায় এবার আরও বিস্তৃত পরিসরে প্রতিভা অন্বেষণের উদ্যোগ নিয়েছে বিসিবি। নতুন বোলার হান্টে পেসার ও স্পিনারদের জন্য আলাদা কোনো আয়োজন থাকছে না। বরং দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাবনাময় সব বোলার একই আয়োজনে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন।

বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন আরও শক্তিশালী করা। জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেটের জন্য নিয়মিত নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি সুযোগের অভাবে হারিয়ে যাওয়া সম্ভাবনাময় ক্রিকেটারদেরও সামনে নিয়ে আসতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

পেস বোলিংয়ের পাশাপাশি স্পিনেও বাংলাদেশের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। তাই কোনো একটি বিভাগকে আলাদা গুরুত্ব না দিয়ে সব ধরনের বোলিং প্রতিভাকে একই আয়োজনের আওতায় আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সঠিক বাছাই প্রক্রিয়ার পাশাপাশি পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে এই উদ্যোগ দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। রুবেল ও ইবাদতের মতো আরও প্রতিভাবান বোলারের উঠে আসার পথ তৈরি হতে পারে এবারের বোলার হান্ট থেকে।

আরও পড়ুন: নাকভির হাত থেকে ট্রফি নিলেন না ভারতীয় নারী ক্রিকেটাররা

এদিকে, মঙ্গলবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে বোলার হান্ট নিয়ে বিস্তারিত জানাবে বিসিবি। জানা গেছে, বড় পরিসরের এই কার্যক্রমের পৃষ্ঠপোষকতায় রয়েছে রবি। মিরপুরে বিসিবি সভাপতি তামিম ইকবালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বোলার হান্টের কার্যক্রম।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়