আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত

হরমুজ প্রণালি নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে আঞ্চলিক স্থিতিশীলতা ও সম্ভাব্য চুক্তি নিয়ে ওমানে অনুষ্ঠেয় ইরান ও উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করা হয়েছে। ঐকমত্যের স্বার্থে বৈঠকটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি প্রতিবেশী দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেহরান ও মাসকাটের মধ্যে আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকাটে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ইরানের প্রতিনিধিদের আঞ্চলিক সংলাপে বসার কথা ছিল। বৈঠকে হরমুজ প্রণালির ভবিষ্যৎ, নৌপথটির নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

তবে বৈঠক স্থগিতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তিনি জানান, পারস্পরিক ঐকমত্য ও গঠনমূলক পরিবেশ বজায় রাখার স্বার্থেই বৈঠকটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বদর আল বুসাইদি বলেন, আমাদের অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো সহায়ক কূটনৈতিক সংলাপ এগিয়ে নিতে মাসকাট সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সামরিক মহড়া, জলসীমায় নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ওমানের এই মধ্যস্থতা উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজ উল্টে নিখোঁজ ১৪০

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। ফলে নৌপথটির নিরাপত্তা ও অবাধ চলাচল নিয়ে যেকোনো আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়