জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, দুদিন আগে চট্টগ্রামে যান এরশাদ
ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান গুলি করেছিলেন বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। একই সঙ্গে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
তিনি বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, মোজাফফর জানিয়েছেন, জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান।
তিনি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। এর দুই দিন আগে, ২৮ মে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মোজাফফর।
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের প্রায় ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলাতেও মোজাফফর হোসেন গ্রেপ্তার রয়েছেন। ওই মামলায় গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আরও পড়ুন: প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
জিয়াউর রহমান হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








