ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ১১ সেপ্টেম্বর ২০২৬

রিজিক বৃদ্ধির জন্য কোরআনে বর্ণিত ৩ দোয়া

রিজিক বৃদ্ধির জন্য কোরআনে বর্ণিত ৩ দোয়া

প্রতীকী ছবি

রিজিক মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের প্রয়োজন মেটাতে অর্থ-সম্পদ, খাবার, পোশাক, বাসস্থান ও সুস্থতা- সবই রিজিকের অন্তর্ভুক্ত। প্রত্যেক মানুষই স্বচ্ছল ও বরকতময় জীবনের প্রত্যাশা করেন। কেউ জীবিকার সংকটে থাকেন, কেউ ঋণের চাপে, আবার কেউ কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত স্বচ্ছলতা অর্জন করতে পারেন না।

এমন পরিস্থিতিতে একজন মুমিনের প্রথম আশ্রয় হওয়া উচিত আল্লাহ। কারণ তিনিই রিজিকের মালিক এবং বান্দার প্রয়োজন পূরণে সক্ষম।

পবিত্র কোরআনে আল্লাহর কাছে কল্যাণ ও অনুগ্রহ প্রার্থনার বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে। নবী-রাসুলদের জীবনের এসব দোয়ায় কখনো সরাসরি আল্লাহর অনুগ্রহ ও রিজিক চাওয়া হয়েছে, আবার কখনো দুনিয়ার কল্যাণ ও প্রয়োজন পূরণের আবেদন করা হয়েছে। এসব দোয়া মুমিনের মনে আল্লাহর প্রতি নির্ভরতা বাড়ায় এবং শেখায়- রিজিকের জন্য চেষ্টা করার পাশাপাশি আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে।

তবে শুধু দোয়া পড়লেই যথেষ্ট নয়। হালাল পথে উপার্জনের চেষ্টা, তাকওয়া, ইস্তিগফার এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসাও জরুরি।

কোরআনে বর্ণিত রিজিক ও কল্যাণের দোয়া

১. উত্তম রিজিকের জন্য

আরবি:
رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ

উচ্চারণ: রাব্বি ইন্নী লিমা আনঝালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর।

অর্থ: হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করবে, আমি তার মুখাপেক্ষী।
(সুরা কাসাস, আয়াত: ২৪)

২. দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য

আরবি:
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাওঁ ওয়া ফিল আখিরাতি হাসানাতাওঁ ওয়া কিনা আজাবান্নার।

অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
(সুরা বাকারা, আয়াত: ২০১)

৩. আল্লাহর পক্ষ থেকে রিজিক লাভের জন্য

আরবি:
رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَکُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَۃً مِّنۡکَ ۚ وَارۡزُقۡنَا وَاَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ

উচ্চারণ: রাব্বানা আনঝিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকূনু লানা ঈদাল লি-আউয়ালিনা ওয়া আখিরিনা, ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খাইরুর রাযিকীন।

অর্থ: হে আল্লাহ, আমাদের প্রতিপালক! আমাদের জন্য আসমান থেকে একটি খাদ্যভরা খাঞ্চা অবতীর্ণ করুন, যা হবে আমাদের এবং আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সবার জন্য আনন্দের কারণ এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন। আমাদের রিজিক দান করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা।
(সুরা মায়িদা, আয়াত: ১১৪)

আরও পড়ুন: ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি হালাল পথে উপার্জনের চেষ্টা, দায়িত্বশীলতা ও সৎ জীবনযাপন একজন মুমিনের কর্তব্য। রিজিকের মালিক আল্লাহ -এই বিশ্বাস অন্তরে রেখে তাঁর ওপর ভরসা করাই মুমিনের পথ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়