মক্কা জোটে এই মুহূর্তে অন্য কোনো দেশকে নেওয়া হচ্ছে না: পাকিস্তান
ছবি: সংগৃহীত
এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা জোটে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান।
তিনি বলেন, জোটটি মূলত 'প্রতিরোধের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি প্রতিরক্ষামূলক জোট'।
সাজ্জাদ হায়দার খান বলেন, বর্তমানে জোট সম্প্রসারণের বিষয়টি 'আলোচনায় নেই'। আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে তাদের সংগঠন ও সহযোগিতা আরও সুসংহত করতে হবে।
তিনি বলেন, এই সংহতকরণ প্রক্রিয়া শেষ হবার পরে একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পোষণকারী সব দেশের জন্য চুক্তিটি উন্মুক্ত থাকবে।
মুখপাত্র বলেন, চুক্তির কাঠামোর আওতায় তিন সদস্যদেশ বিভিন্ন পর্যায়ে পরামর্শ করছে। পরবর্তী সময়ে চুক্তি সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই পর্যায়ে মক্কা চুক্তির সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।
ভবিষ্যৎ বৈঠকের তথ্য নিয়মিতভাবে জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, তবে এসব বৈঠকের সুনির্দিষ্ট সময় এখনো জানা যায়নি।
সাজ্জাদ হায়দার খান বলেন, প্রতিরক্ষা জোটটি গঠনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর 'কাঠামো, কার্যপ্রণালি ও অন্যান্য বিষয়' নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
আরও পড়ুন: হুতিদের লাগাম টেনে ধরতে ইরানকে কড়া বার্তা পাকিস্তানের
তিনি বলেন, 'সংগঠনের কাঠামো, প্রক্রিয়া ও কার্যপ্রণালি চূড়ান্ত করতে এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।' ভবিষ্যতের যেকোনো অগ্রগতি যথাসময়ে স্পষ্ট হবে বলেও জানান তিনি।
গত ৭ আগস্ট স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটির লক্ষ্য হলো যৌথ প্রতিরোধ সক্ষমতা জোরদার করা। এর আওতায় জোটের কোনো একটি সদস্যদেশের ওপর হামলাকে সব সদস্যদেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার ব্যবস্থা রাখা হয়েছে।
গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে জোটটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জোটের কার্যক্রমে সহায়তার জন্য সৌদি আরবে একজন মহাসচিবের নেতৃত্বে একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে তিন বছরের জন্য পাকিস্তানের একজন মহাসচিব সচিবালয়টির দায়িত্ব পালন করবেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








