ঢাকা দক্ষিণ সিটিতে প্রার্থী হচ্ছেন নাসীরুদ্দীন, উত্তরে আসিফ
ছবি: সংগৃহীত
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগের ঘোষণা থেকে সরে এসে ঢাকা উত্তরে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি।
দলীয় সূত্র জানায়, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
প্রার্থী পরিবর্তনের অংশ হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে নিজ নিজ নির্বাচনি এলাকার ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করে তাঁরা ভোটার এলাকা পরিবর্তন করেন।
এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটির ৩৭ নম্বর ওয়ার্ডের (আফতাবনগর) ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটির উত্তরা এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন।
প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন জানান, দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে। শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, সময়ের প্রয়োজন ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রাথমিক প্রার্থিতায় সমন্বয় করা হচ্ছে। তফসিল ঘোষণা ও চূড়ান্ত মনোনয়ন দাখিলের আগপর্যন্ত কৌশলের অংশ হিসেবে প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে।
তিনি বলেন, এনসিপির রাজনীতি শুধু নির্বাচনকেন্দ্রিক নয়। নির্বাচনের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে সংগঠন ও নেতাকর্মীদের উজ্জীবিত এবং আরও শক্তিশালী করাও দলের অন্যতম লক্ষ্য।
এর আগে চলতি বছরের ২৯ মার্চ এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে পাঁচ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন। ওই তালিকায় ঢাকা উত্তর সিটিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ছিল।
আরও পড়ুন: আমার অনুপস্থিতিতে শেখ সেলিম সভাপতির দায়িত্ব পালন করবেন: হাসিনা
প্রায় ছয় মাস পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রাজধানীর দুই সিটিতে দলের দুই শীর্ষ নেতাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








