আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১১, ৭ সেপ্টেম্বর ২০২৬

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫

ছবি: সংগৃহীত

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি পণ্যবাহী (কার্গো) বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার কিছু আগে বোয়িং ৭৬৭-৩০০ মডেলের বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল।

বিমানবন্দর সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সীমানা ছাড়িয়ে যায়। এ সময় কাছাকাছি থাকা কয়েকটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই বিমানটিতে আগুন ধরে যায় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র দানিয়েলা লেভিন কাভা এক সংবাদ সম্মেলনে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

মিয়ামি ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ জানান, আহত পাঁচজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

আরও পড়ুন: কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়