ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে যা বললেন
ছবি: সংগৃহীত
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে মারধর ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক পরিচয় দেওয়া কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। এ সময় তার মুখে আঘাতের চিহ্ন ও আতঙ্কের ছাপ দেখা যায়।
বাঁধনের দাবি, তিনি ভাই ও তার ছোট শিশুকে নিয়ে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি এসে তাকে ঘিরে ধরেন। তারা তার ওপর পানি ও কোমল পানীয় ছুড়ে মারেন, শারীরিকভাবে হেনস্তা করেন এবং তার ফোন ফেলে দেন। এ সময় তার কানের কাছেও আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হামলাকারীদের একজনকে বাঁধনকে জুলাই জঙ্গি আখ্যা দিতে এবং নিজেদের ভেনিস ছাত্রলীগ হিসেবে পরিচয় দিতে শোনা যায়। ভিডিওতে তাকে দেশদ্রোহী বলেও মন্তব্য করতে দেখা যায়।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, তারা বলেছে যে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বাধ্য করার চেষ্টা করেন এবং ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশ থেকে যে সিনেমাটি নিয়ে তিনি ইতালিতে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন বলেও জানান বাঁধন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের পরও তিনি রুবাইয়াত হোসেনের সঙ্গে কাজ করেছেন।
ঘটনার পর বাঁধন বলেন, এ ধরনের আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। এমন কর্মকাণ্ডের মাধ্যমে কারও রাজনৈতিক অবস্থান বা গ্রহণযোগ্যতা পুনর্গঠন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, ঘটনার পর ভেনিসের একটি থানায় বাঁধন অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভেনিস উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আজমেরী হক বাঁধন। ওই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেন তিনি। তার রাজনৈতিক অবস্থানের কারণে ভেনিসে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








