আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করতে গুগলের নতুন এআই মডেল
ছবি: সংগৃহীত
আবহাওয়ার পূর্বাভাস আরও দ্রুত ও নির্ভুল করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে গুগল। ওয়েদারনেক্সট ৩ নামের এই মডেল প্রতি ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে। একই সঙ্গে নির্দিষ্ট এলাকার আবহাওয়া সম্পর্কে আগের তুলনায় আরও সূক্ষ্ম তথ্য দেওয়ার সক্ষমতাও রয়েছে মডেলটির।
গুগলের তথ্য অনুযায়ী, ওয়েদারনেক্সট ৩-এর পূর্বাভাস সার্চ, গুগল ম্যাপস ও জেমিনাইয়ের মতো বিভিন্ন সেবায় ব্যবহার করা যাবে। পাশাপাশি গবেষণা ও ব্যবসায়িক কাজেও মডেলটি কাজে লাগানো সম্ভব হবে।
এত দিন আবহাওয়ার পূর্বাভাস তৈরিতে বড় কম্পিউটারে জটিল গাণিতিক হিসাবের মাধ্যমে বায়ুমণ্ডলের পরিবর্তন বিশ্লেষণ করা হতো। এতে নির্ভুল পূর্বাভাস পাওয়া গেলেও বিপুল সময় ও কম্পিউটিং শক্তির প্রয়োজন হয়। এআই প্রযুক্তির অগ্রগতির ফলে এখন বিপুল পরিমাণ পুরোনো আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে তুলনামূলক দ্রুত পূর্বাভাস তৈরি করা সম্ভব হচ্ছে।
গুগলের দাবি, ওয়েদারনেক্সট ৩ এই প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়েছে। এটি একটি বৈশ্বিক আবহাওয়া মডেল, যা দিনের প্রতি ঘণ্টার জন্য পূর্বাভাস তৈরি করতে পারে। দ্রুত পরিবর্তনশীল বৃষ্টি বা তুষারের মতো আবহাওয়ার পূর্বাভাসে এ সক্ষমতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
মডেলটির অন্যতম বড় সুবিধা বৃষ্টির পূর্বাভাস দেওয়ার সক্ষমতা। আগের ওয়েদারনেক্সট ২-এর তুলনায় নতুন সংস্করণে বৃষ্টির পূর্বাভাসের সক্ষমতা ৬০ শতাংশ উন্নত হয়েছে। এছাড়া ওয়েদারনেক্সট ৩-এ আগের সংস্করণের তুলনায় ২ দশমিক ৪ গুণ বেশি প্যারামিটার রয়েছে। ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদান আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে।
নির্দিষ্ট আবহাওয়া স্টেশনের তথ্য ব্যবহার করেও পূর্বাভাস দিতে পারে নতুন মডেলটি। এর ফলে কোনো নির্দিষ্ট এলাকার তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাসের গতিবেগ সম্পর্কে আরও স্থানীয় ও ব্যবহারযোগ্য পূর্বাভাস পাওয়া যাবে।
গুগল ডিপমাইন্ড জানিয়েছে, তাপমাত্রা ও আর্দ্রতার মতো কিছু তথ্য ৫ কিলোমিটার পর্যন্ত সূক্ষ্মতায় এবং বাতাসের মতো অন্যান্য ভূপৃষ্ঠীয় তথ্য ১০ কিলোমিটার সূক্ষ্মতায় পূর্বাভাস দিতে পারে ওয়েদারনেক্সট ৩।
মডেলটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি আবহাওয়া স্যাটেলাইট থেকে পাওয়া ছবি সরাসরি বিশ্লেষণ করতে পারে। সাধারণত পূর্বাভাস তৈরির আগে স্যাটেলাইটসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় সাজিয়ে নিতে হয়। ওয়েদারনেক্সট ৩ সেই প্রক্রিয়ার ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি পর্যবেক্ষণ করা তথ্য কাজে লাগাতে পারে।
আরও পড়ুন: ভারত থেকে দেড় হাজার কোটি টাকার ব্যান্ডউইথ আমদানি করতে হতে পারে
গুগলের তথ্য অনুযায়ী, স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য প্রতি ঘণ্টায় মডেলটিতে যুক্ত করা সম্ভব। ফলে আবহাওয়ার দ্রুত পরিবর্তন শনাক্ত করে আরও ঘন ঘন পূর্বাভাস দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সূত্র: টেকক্রাঞ্চ
নিউজবাংলাদেশ.কম/এসবি








