পেন্টাগনে চালু হলো চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সংস্করণ
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সামরিক ও বেসামরিক কর্মীদের জন্য চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে দপ্তরের প্রায় ৩০ লাখ কর্মী সামরিক ও সরকারি কাজের উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন।
চ্যাটজিপিটির বিশেষ সংস্করণের নাম চ্যাটজিপিটি মিল এবং গ্রকের সংস্করণ গ্রক ফর গভর্নমেন্ট। দুটি সেবাকেই পেন্টাগনের নিরাপদ এআই ব্যবহারের কেন্দ্রীয় ব্যবস্থা জেনএআই ডট মিল-এর সঙ্গে যুক্ত করা হয়েছে।
গত বছর চালু হওয়া জেনএআই ডট মিল ব্যবস্থার মাধ্যমে প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা বাণিজ্যিক এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পান। তবে সংবেদনশীল সরকারি তথ্য সাধারণ ব্যবহারকারীদের ব্যবহৃত ব্যবস্থার মাধ্যমে আদান-প্রদান করা হয় না।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, ব্যবস্থাটি ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। দপ্তরের প্রায় ৩০ লাখ কর্মীর মধ্যে ১৭ লাখের বেশি স্বতন্ত্র ব্যবহারকারী এতে যুক্ত হয়েছেন।
চ্যাটজিপিটি মিলের ব্যবহার অনেকটা সাধারণ চ্যাটজিপিটির মতোই হবে। এতে কথোপকথন, নথি ও বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করার পাশাপাশি নিজস্ব এআই সহকারী তৈরির সুবিধা থাকবে। প্রশাসনিক কাজ, রসদ ব্যবস্থাপনা, পরিকল্পনা ও নীতিমালা তৈরির মতো নিয়মিত কাজেও এটি ব্যবহার করা যাবে। এসব ক্ষেত্রে মূলত অসংবেদনশীল তথ্য ব্যবহারের কথা বলা হয়েছে।
অন্যদিকে, গ্রকের বিশেষ সংস্করণকে আরও বিস্তৃত সামরিক কাজের জন্য ব্যবহার করবে পেন্টাগন। প্রতিরক্ষা দপ্তরের দাবি, এর মাধ্যমে সামরিক বাহিনীর বিভিন্ন কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
সরবরাহ ব্যবস্থাপনা থেকে শুরু করে পণ্য কেনার জন্য বাজার বিশ্লেষণেও গ্রক ব্যবহার করা হবে। এতে সামরিক কার্যক্রমের সময় কমানোর পাশাপাশি তথ্য ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে বলে মনে করছে পেন্টাগন।
পেন্টাগনের এ উদ্যোগে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের অনুপস্থিতিও নজর কেড়েছে। প্রতিষ্ঠানটির এআই ব্যবস্থা ক্লড এতে যুক্ত করা হয়নি।
পেন্টাগন ও অ্যানথ্রপিকের মধ্যে বিরোধের পর ট্রাম্প প্রশাসন প্রতিষ্ঠানটিকে সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। অ্যানথ্রপিক সামরিক বাহিনীকে তাদের এআই ব্যবস্থার অবাধ ব্যবহারের অনুমতি না দিয়ে কিছু নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার দাবি জানিয়েছিল।
আরও পড়ুন: ব্যান্ডউইথ সংকটের ঝুঁকিতে বাংলাদেশ
এদিকে এআই সক্ষমতা বাড়াতে আরও কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে পেন্টাগন। এর মধ্যে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট, এনভিডিয়া ও রিফ্লেকশন এআই।
নিউজবাংলাদেশ.কম/এসবি








