হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। আনিছুর রহমান তালুকদার খোকন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আনিছুর রহমান বলেন, নিজের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও সবার দায়িত্ব। এসব প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও ব্যবহারোপযোগী রাখতে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, সেবা নিতে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজের বাড়ি মনে করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান। তাঁর কর্মী হিসেবে তারাও মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। এ জন্য জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার
কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








