নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৩, ১৯ অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চায় ঢাকা

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চায় ঢাকা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। সংশ্লিষ্ট আদালতের রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর ঘটনার পূর্ণাঙ্গ চিত্র মূল্যায়ন করে সৌদি আরবের সঙ্গে আলোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের আলোচনা হয়েছে। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিচয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলার বিচারিক প্রক্রিয়া এবং দণ্ড কার্যকরের পরিস্থিতি সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ২০২৩ সালের। ওই সময় সংশ্লিষ্ট দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ ছিল এবং আদালতের রায়ে কী বলা হয়েছে, তা নিশ্চিত হওয়ার জন্য রায়ের অনুলিপি প্রয়োজন। 

শামা ওবায়েদ বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর বিষয়টি স্পষ্টভাবে মূল্যায়ন করা সম্ভব হবে। এরপর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। সৌদি আরবের আইনি কাঠামোর মধ্যে বিষয়টি ঘটেছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহে সরকার কাজ করছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম দেশটিতে আটক বাংলাদেশি নাগরিকদের সরকারি তালিকায় রয়েছে কি না, তা-ও যাচাই করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

প্রতিমন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষ পর্যায়ক্রমে দেশটির কারাগারে আটক ও গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের নাম-পরিচয়সংক্রান্ত তালিকা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলোকে পাঠিয়ে থাকে। ওই দুই ব্যক্তির পরিচয় এসব তালিকার সঙ্গে মিলিয়ে দেখার পাশাপাশি তাদের বিষয়ে আরও তথ্য চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম তালিকায় পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিবারের পক্ষ থেকেও আগে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। দুই ব্যক্তি স্বামী-স্ত্রী কি না, সে প্রশ্নেরও নিশ্চিত উত্তর দিতে পারেননি প্রতিমন্ত্রী। 

আরও পড়ুন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে তথ্যের ঘাটতি ছিল

তার ভাষ্য, বিস্তারিত তথ্য হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে অনুমাননির্ভর কোনো বক্তব্য দেওয়া সমীচীন হবে না।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের দায়িত্বের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিপুলসংখ্যক বাংলাদেশি সেখানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। চলতি বছরের প্রথম ছয় মাসেই চার লাখের বেশি বাংলাদেশি কর্মী সৌদি আরবে গেছেন বলে উল্লেখ করেন তিনি। 

তার মতে, প্রবাসী কর্মীরা যাতে নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক দুর্ঘটনায় পড়লে বা মারা গেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে ২০২৩ সালে সৌদি আরবে দুর্ঘটনায় নিহত এক বাংলাদেশি কর্মীর পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি তুলে ধরেন প্রতিমন্ত্রী। 

তিনি জানান, ওই কর্মীর মৃত্যুর পর তার দুই সন্তান রেখে যাওয়া পরিবারটির জন্য ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মধ্যস্থতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে। সম্প্রতি পরিবারটি সেই ক্ষতিপূরণের অর্থ পেয়েছে। 

প্রতিমন্ত্রী বলেন, নিহত ব্যক্তিকে ফিরিয়ে আনা সম্ভব না হলেও তার পরিবারের ভবিষ্যতের জন্য কিছু করা গেছে। এ ছাড়া সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গেও মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান তিনি।

এদিকে কাতারে গ্রেফতার হওয়া বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, ইন্টারপোল-সংশ্লিষ্ট বিচারিক ও আইনি বিষয়গুলো মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিদেশি মিশনগুলো বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তাদের পরিচয় ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার বিষয়টিকেই আপাতত অগ্রাধিকার দিচ্ছে সরকার। আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়