১০ বছরের সংসার ভাঙল ডব্লিউডব্লিউই তারকা ইভা মারির
ডব্লিউডব্লিউই তারকা ইভা মারি। ছবি : সংগৃহীত
দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় রেসলিং তারকা ও সাবেক ডব্লিউডব্লিউই সুপারস্টার ইভা মারি। স্বামী জোনাথন কয়লের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই নিশ্চিত করেছেন তিনি।
সংবাদমাধ্যম পেজ সিক্স-কে দেওয়া সাক্ষাৎকারে ইভা জানান, গত বছরের আগস্টে বেশ গোপনীয়তার সঙ্গে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
বিচ্ছেদের আইনি প্রক্রিয়া নিয়ে ইভা বলেন, বিচ্ছেদের আবেদন করা, সমঝোতার চেষ্টা এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগ সব মিলিয়ে প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ছিল। টেক্সাসের বাড়ি বিক্রি করাসহ বিভিন্ন বিষয় গুছিয়ে বিচ্ছেদ চূড়ান্ত করতে হয়েছে তাকে।
তবে তাদের কোনো সন্তান না থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন এই রেসলিং তারকা। বিচ্ছেদের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে যান, তাদের প্রতি তার সমবেদনা রয়েছে। সম্পর্ক ভালো হোক বা খারাপ, বিচ্ছেদের সময় এমন অনেক বিষয় সামনে আসে, যেগুলো মানুষ আগে থেকে ভাবেন না। এমনকি নিজের নামের পদবি পরিবর্তন করতেও তাঁকে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে বিচ্ছেদের আবেদন করেছিলেন ইভা মারি। দাম্পত্য সম্পর্কের অবনতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, তাদের মনে হচ্ছিল, স্বামী-স্ত্রীর পরিবর্তে তারা যেন ব্যবসায়িক অংশীদার হয়ে গেছেন। জোনাথনের সঙ্গে সম্পর্কটি অনেকটা কাজের চুক্তির মতো হয়ে দাঁড়িয়েছিল।
ইভা বলেন, তারা হয়তো ভালো বন্ধু ছিলেন এবং একে অপরের সঙ্গে তাদের বনিবনাও হতো। কিন্তু একটি বিবাহিত সম্পর্ক এমন হওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। এমন জীবনও চাননি এই তারকা।
আরও পড়ুন: টাইগারের গাড়িতে হামলার পর সালমানের নিরাপত্তা জোরদার
উল্লেখ্য, ২০১৪ সালে জোনাথন কয়লের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইভা মারি। দীর্ঘ এক দশকের দাম্পত্য জীবনের পর তাদের সম্পর্কের সমাপ্তি ঘটল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








