আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্গাপূজার ছুটি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি চলবে। ফলে এ সময়ে ব্যাংকের সাধারণ কার্যক্রম ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটির আগে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখা হয়েছিল। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।
দুর্গাপূজার ছুটিতে সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রপ্তানিসংক্রান্ত জরুরি কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ূন: ৩ ব্যাংকের এমডির চুক্তি বাতিল
এদিকে ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। ফলে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








