স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৩, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:৫৩, ১৮ অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল ঢাকা

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল ঢাকা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য বড় শিক্ষা। দেশটিতে বসবাস ও কাজ করতে যাওয়া বাংলাদেশিদের স্থানীয় আইনকানুন মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এখনো বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। এ বিষয়ে তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে এবং সেই আইন অনুযায়ী অপরাধের বিচার ও সাজা কার্যকর করা হয়।

তিনি বলেন, প্রবাসীরা নিজেদের অর্থ ব্যয় করে বিদেশে কাজ করতে যান। তাই যে দেশে বসবাস করবেন, সে দেশের আইনকানুন মেনে চলা সবার জন্য জরুরি। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশেও কোনো বিদেশি অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁকে শাস্তি ভোগ করতে হয়। একইভাবে সৌদি আরবেও সে দেশের আইন কার্যকর হয়।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এ ধরনের খবর সরকার প্রত্যাশা করে না। সৌদি সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। তাদের জবাব পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্টভাবে জানানো সম্ভব হবে।

মৃত্যুদণ্ড কার্যকরের কারণ জানতে চাওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন: বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে তা বিশ্বে নেই

দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সৌদি সরকারের কাছ থেকে জবাব পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শামা ওবায়েদের ভাষ্য অনুযায়ী, সৌদি মিশনের শ্রম উইং থেকে জানানো হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সৌদি আইনে এ ধরনের কাজ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় দেশটির আদালত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলে মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়