আমিনবাজারে বৃক্ষরোপণ করে সবুজায়ন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে আমিনবাজার এলাকায় সড়ক দ্বীপে ও মহাসড়কের দুই পাশে নিজ হাতে গাছের চারা রোপণ করে তিনি এ কর্মসূচির সূচনা করেন।
মহাসড়কের দুই পাশকে সবুজে সাজানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মহাসড়কের দুই পাশে বিস্তৃত এই বৃক্ষরোপণ উদ্যোগ শুধু সড়কের নান্দনিক সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস নয়: প্রধানমন্ত্রী
কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাহউদ্দিন টুকু। উদ্বোধনী আয়োজনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এর আগে একই দিন সকালে সাভার সেনানিবাসে আয়োজিত এক বিশেষ সামরিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করেন এবং দীর্ঘ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সাভারের কর্মসূচি শেষ করে দুপুরে তিনি আমিনবাজারে এসে এ সবুজায়ন প্রকল্পের গোড়াপত্তন করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








