বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার
ছবি: সংগৃহীত
দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে এ তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিশ্চিত করা হয়েছে।
এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।
প্রথম মামলার অভিযোগে বলা হয়, শেখ আব্দুল হান্নাম বৈধ আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি তাকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: আমিনবাজারে বৃক্ষরোপণ করে সবুজায়ন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তবে মামলাগুলোতে আনা অভিযোগের বিষয়ে আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের নির্দোষ হিসেবে গণ্য করার আইনি অধিকার রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








